২ নম্বরের জন্য বোর্ডস্ট্যান্ড মিস, ঢাবি ভর্তিতে ৩৪তম জুয়েল
২ নম্বরের জন্য বোর্ডস্ট্যান্ড মিস, ঢাবি ভর্তিতে ৩৪তম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৩৪তম হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মাত্র ২ নম্বরের জন্য বোর্ডস্ট্যান্ড করতে পারেননি বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষাজীবনের শুরু

আব্দুল কাদির ভূইয়া জুয়েল লিখেছেন, তার শিক্ষাজীবনের শুরু মালিবাগের শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ে। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। উভয় প্রতিষ্ঠানেই উত্তীর্ণ হলেও বাসার নিকটবর্তী হওয়া এবং তার দুই বড় ভাই সেখানে পড়াশোনা করায় তিনি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।

তিনি জানান, ১৯৮৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করে ঢাকা কলেজে ভর্তি হন। পরে কলেজে গিয়ে বিজ্ঞান বিভাগ পরিবর্তন করে বাণিজ্য বিভাগে ভর্তি হন। কলেজজীবনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ওঠাবসা ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২ নম্বরের আক্ষেপ

জুয়েল বলেন, ১৯৮৯ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি বোর্ডস্ট্যান্ড করার ব্যাপারে আশাবাদী ছিলেন। ফল প্রকাশের পর জানতে পারেন তিনি স্ট্যান্ড করতে পারেননি। পরে কলেজে গিয়ে ট্যাবুলেশন শিট থেকে নম্বর জেনে দেখেন, সর্বশেষ বোর্ডস্ট্যান্ড করা শিক্ষার্থীর সঙ্গে তার ব্যবধান ছিল মাত্র ২ নম্বর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তার ভাষ্য অনুযায়ী, আগের বছরের ২০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীর চেয়ে তিনি ১৩ নম্বর বেশি পেয়েছিলেন। কিন্তু ওই বছর প্রতিযোগিতা বেশি হওয়ায় স্ট্যান্ড করতে পারেননি। তিনি আরও উল্লেখ করেন, তার চেয়ে ১ নম্বর বেশি পাওয়া একজন শিক্ষার্থী পত্রিকায় ২১তম স্ট্যান্ডধারী হিসেবে কৃতি শিক্ষার্থী বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন, যা নিয়ে তিনি পরে মজাও করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেন জুয়েল। ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় ৩৪তম স্থান অর্জন করেন। পরবর্তী ভাইভা পরীক্ষার মাধ্যমে বাণিজ্য অনুষদের ফিন্যান্স বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মেধাবী শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির গ্রেডের স্টাইপেন্ডও লাভ করেন। এরপর পড়াশোনার পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।