গণভোট ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান’ অনুষ্ঠানে তিনি এই সমালোচনা করেন।
সারজিস আলমের বক্তব্য
সারজিস আলম বলেন, ‘এ সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে, এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।’ তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনও মেনে নেবে না।’ তিনি অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও তারা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছে।
অনুষ্ঠানের অন্যান্য বক্তা
এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম-আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সরকারের নীতির সমালোচনা করেন এবং গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের রায়কে অস্বীকার করে সরকার দীর্ঘদিন টিকতে পারবে না। এনসিপির নেতারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



