জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেছেন, সন্তান হারানোর শোকে তাঁদের পরিবারে প্রতিটি ঈদ এখন গভীর বেদনার নাম। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তিনি এ কথা জানান।
আলভীর স্মৃতিতে ঈদের হাহাকার
আবুল হাসান বলেন, ‘আলভী বেঁচে থাকলে হয়তো আজ বাড়িতে ফিরত। দাদা-দাদির পাশে বসে হাসিমুখে ঈদের আনন্দ ভাগ করে নিত। ঘর ভরে উঠত ওর প্রাণখোলা হাসিতে। আজ সেই জায়গাজুড়ে শুধু নীরবতা আর অসীম শূন্যতা।’
তিনি আরও বলেন, ঈদ এলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আলভীর ব্যবহৃত জিনিস, ওর স্মৃতি, হাসি—সবকিছু আজও চোখের সামনে ভেসে ওঠে।
আলভী ছিল স্বপ্ন ও ভালোবাসা
আবুল হাসান বলেন, ‘আলভী শুধু আমাদের সন্তান ছিল না; সে ছিল আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের ভবিষ্যৎ। আজ সে নেই, কিন্তু ওর স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। ঈদের আনন্দের মাঝেও তাই চোখ ভিজে যায় বারবার।’
২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় ১৫ বছর বয়সী আলভী।



