কিচেন কেবিনেট: রাজনীতিতে অনানুষ্ঠানিক প্রভাবের ধারণা
কিচেন কেবিনেট: রাজনীতিতে অনানুষ্ঠানিক প্রভাব

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় নতুন করে সামনে এসেছে একটি শব্দ, ‘কিচেন কেবিনেট’। বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার পরিচালনায় একটি অনানুষ্ঠানিক প্রভাবশালী গোষ্ঠী সক্রিয় ছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠার পর শব্দটি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।

কিচেন কেবিনেট বলতে কী বোঝায়?

‘কিচেন কেবিনেট’ বলতে সরকারি কাঠামোর বাইরে থাকা একটি অনানুষ্ঠানিক উপদেষ্টা গোষ্ঠীকে বোঝায়, যারা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। শব্দটির উৎপত্তি যুক্তরাষ্ট্রে, উনিশ শতকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের শাসনামলে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও অনানুষ্ঠানিক উপদেষ্টারা আনুষ্ঠানিক মন্ত্রিসভার বাইরে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব রাখতেন, যা সমালোচকরা ‘কিচেন কেবিনেট’ নামে ব্যঙ্গ করতেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে কেন আলোচনায়?

সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন দাবি করেছেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত একটি ‘কিচেন কেবিনেট’ থেকে আসত এবং তারা নিয়মিত বৈঠক করতেন। এর আগেও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি ‘কিচেন কেবিনেট’ ছিল। বাংলাদেশে বিগত অন্তর্বর্তী সরকারকে ঘিরে গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক উপদেষ্টা এবং বিশ্লেষকদের পক্ষ থেকে অভিযোগ এসেছে—কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়মিত মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক আলোচনার বাইরে নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেন বিতর্কিত?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক বা প্রশাসনিক কাঠামোয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারণত নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া থাকে—যেমন মন্ত্রিসভা, উপদেষ্টা পরিষদ, সংসদীয় কমিটি বা প্রশাসনিক বৈঠক। তবে যখন আনুষ্ঠানিক কাঠামোর বাইরে থাকা ছোট কোনও গোষ্ঠী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে শুরু করে, তখন স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়। বিশেষজ্ঞদের ভাষ্য, ‘কিচেন কেবিনেট’ সবসময় অবৈধ বা ষড়যন্ত্রমূলক কিছু বোঝায় না। অনেক সময় সরকারপ্রধানরা আনুষ্ঠানিক কাঠামোর বাইরেও বিশ্বস্ত ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেন। তবে সেই অনানুষ্ঠানিক পরামর্শ যদি রাষ্ট্রীয় সিদ্ধান্তে অতিরিক্ত প্রভাব ফেলে, তখন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।

শুধু বাংলাদেশেই নয়

বিশ্বের বিভিন্ন দেশেই সময় সময় ‘কিচেন কেবিনেট’ নিয়ে বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশে ক্ষমতাসীন নেতাদের ঘনিষ্ঠ অনানুষ্ঠানিক উপদেষ্টা গোষ্ঠী নিয়ে সমালোচনা দেখা গেছে। তবে রাজনৈতিক গবেষকদের মতে, মূল প্রশ্নটি শব্দে নয়; বরং সিদ্ধান্ত গ্রহণ কতটা স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক—সেটিতেই। রাষ্ট্র পরিচালনায় আনুষ্ঠানিক কাঠামোর বাইরে কোনও গোষ্ঠীর অতিরিক্ত প্রভাবের অভিযোগ উঠলে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন তৈরি হয়।