সাভারে শীর্ষ মাদককারবারি শামীমের সঙ্গে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকালে সাভার মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
ক্লোজ হওয়া পুলিশ কর্মকর্তারা
ক্লোজ হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- এসআই মনিরুল ইসলাম, এএসআই আসিফুর এবং এএসআই মো. মেরাজ। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মাদক কারবারি শামীমের সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে ওই তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধীদের ছাড় দেওয়া হবে না
তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, অপরাধ করে কেউ পার পাবে না। ঈদকেন্দ্রিক নিরাপত্তার বিষয়ে এসপি আরও জানান, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। উৎসবের ছুটিতে যারা বাড়ি যাবেন, তাদের ফাঁকা বাসায় যেন কোনো অপ্রীতিকর দুর্ঘটনা বা চুরি-ডাকাতি না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এ সময় তিনি সাভার থানার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এসপির অন্যান্য পরিদর্শন
এর আগে এসপি আশুলিয়া ও ধামরাই থানাও পরিদর্শন করেন। পুলিশ জানায়, গত তিন দিন আগে সাভারের রাজাশন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দেশ টিভি ও এসএ টিভির তিন সাংবাদিক। সন্ত্রাসীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ৪ জনকে গ্রেফতার করা হলেও এ মামলার প্রধান আসামি ও সাভারের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করা হয়নি।



