দেশে হওয়া সব অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে এবং দেশের সব অপকর্মের সঙ্গে তারা জড়িত। তবে তারা দায় চাপিয়ে দিচ্ছে বিএনপি সরকারের ওপর।
জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, জামায়াতে ইসলামী কখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের মানুষ ভালো করেই জানে, ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।
সমালোচনার প্রভাব
তিনি বলেন, তাদের সমালোচনা নিয়ে নিউজ হবে এবং তখন জামায়াতের বট বাহিনী তার গুষ্টি উদ্ধার করে ফেলবে। তিনি আরও বলেন, ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে জামায়াতে ইসলামী করেছে। এখন ছাত্রলীগ তাদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রসঙ্গ
দুদু বলেন, অতীতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলে একটি পক্ষ অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
হামের টিকা প্রসঙ্গ
হামের টিকা নিয়ে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে পাঁচ-ছয়বার লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
বিএনপির আন্দোলনের ইতিহাস
বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে দলটির এই নেতা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। দলের এমন কোনও নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হতে হয়নি। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে আটকে রাখা হয়েছিল।



