আইনজীবী সমিতি নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামীপন্থিদের মিছিল
আইনজীবী সমিতি নির্বাচন বাতিলের দাবিতে মিছিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একতরফা নির্বাচন বাতিল ও পুনঃতফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ ও কালোপতাকা মিছিল করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। বুধবার দুপুরে ‘সাধারণ আইনজীবী পরিষদের’ ব্যানারে চট্টগ্রাম আদালত ভবনে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিএনপিকে ‘ভোট চোর’ বলে স্লোগান দেন তারা।

বিক্ষোভে আইনজীবীদের বক্তব্য

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আওয়ামীপন্থি আইনজীবী জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা বলেন, ‘চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একতরফা নির্বাচন আমরা মানি না। আমাদের দাবি- ফরমায়েশি নির্বাচন কমিশনের অধীনে প্রহসনের নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হবে। যাতে সাধারণ আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ১০০ বছরের পুরোনো আইনজীবী সমিতিতে এমন ন্যক্কারজনক ঘটনা আগে ঘটেনি।’

পূর্ববর্তী নির্বাচনের প্রেক্ষাপট

গত বুধবার ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তুলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’। এর আগে ৫ মে নির্বাচনে বিএনপি আইনজীবীদের একাংশের বিরুদ্ধে ফরম বিতরণে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বার লাইব্রেরি মিলনায়তনে নির্বাচন কমিশনের কাছ থেকে ফরম কিনতে গেলে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সাধারণ আইনজীবীদের লাঞ্ছিত করে ঢুকতে দেওয়া হয়নি। দরজা বন্ধ করে রাখায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচনের সময়সূচি ও সম্ভাব্য ফলাফল

তফসিল অনুযায়ী, ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়। ২১ মে ভোটগ্রহণ। অন্য কোনো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা না করায় শেষ পর্যন্ত বিএনপিপন্থি প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ