যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে আবারও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। রাজধানীর রুপনগর থানায় এই জিডি দায়ের করেন রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজেদুল আলম টুটুল। সোমবার (১৮ মে) এই জিডি দায়ের করা হয়। এর আগে পল্লবী থানায় ১৩ এপ্রিল জিডি দায়ের করেন এস এম জহিরুল ইসলাম।
জিডিতে যা উল্লেখ
রুপনগর থানায় দায়েরকৃত জিডিতে সাজেদুল আলম টুটুল উল্লেখ করেন— “রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রওশন হাসান, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল করিম বাবু, রূপনগর থানা যুবদলের সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য রূপনগর থানা এবং ডিসি অফিস মিরপুর বিভাগে একটি মিথ্যা, মনগড়া, কাল্পনিক অভিযোগ দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগকারী শুধু আমাদের নামে অভিযোগ করে ক্ষান্ত হননি বরং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। যা বিএনপিসহ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।”
অভিযোগের বক্তব্য
আরও উল্লেখ করা হয়— “বিথি নামের এক মহিলা ও তার স্বামী মোমিন মাদবর শিয়ালবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের সঙ্গে শরীফ মাদবর, মারুফ মাদবর, আরমান মাদবর এলাকার চিহ্নিত চাঁদবাজ ও সন্ত্রাসী। তাদের সমাজবেরাধী নানা কর্মকান্ডে শিয়ালবাড়ির মানুষ অতিষ্ঠ। এসব অবৈধ ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে সে সবার নামেই ফেসবুকে মিথ্যা কুৎসা রটনা করছে।”
পুলিশের বক্তব্য
জিডির সত্যতা নিশ্চিত করে রুপনগর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই খায়ের বলেন, “আমরা জিডিটি গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত হচ্ছে। বিথি নামের ওই নারীর বিরুদ্ধে এর আগেও থানায় অভিযোগ রয়েছে।” বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



