চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে পায়ের রগ কেটে ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আহত জাকারিয়া হাসান জিলান বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার অবস্থা গুরুতর।
হামলার বিবরণ
জানা গেছে, জাকারিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সহ-সভাপতি এবং উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মরহুম হারুনের ছেলে। স্থানীয় লোকজন জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড়ে নিয়ে কে বা কারা জাকারিয়াকে কুপিয়ে ও পায়ের রগ কেটে মুমুর্ষু অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
চিকিৎসকের বক্তব্য
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, 'ওইদিন মুমুর্ষু অবস্থায় জাকারিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ক্ষত ছিল। পায়ের রগও কাটা ছিল বলে ধারণা করছি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করা হয়।'
পুলিশের অবস্থান
সীতাকুণ্ড মডেল থানার ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা শুনেছি, একটা ছেলের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ থানায় ফোন করেনি, লিখিত অভিযোগও দেয়নি।' ওসি আরও বলেন, 'বিষয়টি নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আবার কেউ রাজনৈতিক কারণে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলেও শোনা যাচ্ছে। ভুক্তভোগীর পক্ষ থেকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অবশ্যই জড়িতদের আইনের আওতায় আনা হবে।'



