চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপি নেতা জেলহাজতে
চাঁদাবাজি ও মারধরের মামলায় বিএনপি নেতা জেলহাজতে

চাঁদপুরের কচুয়া উপজেলার খিলমেহের গ্রামে এক ব্যক্তিকে মারধর ও চাঁদা দাবির মামলায় জিয়াউর রহমান সুজন নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতার বিএনপি নেতার পরিচয়

জিয়াউর রহমান সুজন খিলমেহের গ্রামের মৃত আব্দুল মতিন সরকারের পুত্র। তিনি উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার বিবরণ

আহত আল আমিনের ওপর হামলার ঘটনায় তার মা মোছা. হাসনেয়ারা বেগম বাদী হয়ে জিয়াউর রহমান সুজনকে প্রধান আসামি করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। বাদী মামলায় দাবি করেন, প্রতিবেশী জিয়াউর রহমান সুজন দীর্ঘদিন ধরে তাদের পরিবারের কাছে বিপুল অংকের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। সর্বশেষ গত ৪ মে বিকালে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন সহযোগীকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে অশালীন আচরণ ও হুমকি দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগে আরও বলা হয়, ৯ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদীর পুত্র আল আমিন বাড়ির সামনে এলে অভিযুক্তরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় গুরুতর জখম হয় এবং ১০টি সেলাই দিতে হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি এর আগেও এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন এবং একাধিক ব্যক্তিকে মারধর ও হুমকি দিয়েছেন। তারা এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জিয়াউর রহমান সুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ