বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে ইয়াবাসহ আটক এক ব্যক্তির আর্জেন্টিনার জার্সি এআই টুল ব্যবহার করে ব্রাজিলের জার্সিতে পরিবর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
ঘটনার বিবরণ
সোমবার (২৯ জুন) বিকাল পৌনে ৫টার দিকে নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল হাওলাদারকে (৩৫) আটক করে কাউনিয়া থানা পুলিশ। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদার ও মিনারা দম্পতির ছেলে।
কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে মোহাম্মদপুর কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যান মূল মাদককারবারি আঁখি (৩২)। তিনি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
জার্সি বদলের ঘটনা
আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। থানা পুলিশ জার্সি পালটে তোলা ছবি বিএমপির মিডিয়া সেলে সরবরাহ করে। মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল আহমেদ এআই টুল ব্যবহার করে মাদককারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেন। এমনকি গণমাধ্যমে পাঠানো ই-মেইলে জানানো হয় ব্রাজিল সমর্থক ইয়াবাসহ আটক হয়েছে। মিডিয়া উইংয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে নগর পুলিশ কমিশনার আশিক সাঈদকে অবগত করা হলে পুনরায় সংশোধিত তথ্য প্রকাশ করে মিডিয়া উইং। পাশাপাশি এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে বিএমপির মিডিয়া উইংয়ের এসআই তানজিল আহমেদ বলেন, 'বিষয়টি ইয়ার্কির ছলে ভুলবশত হয়ে গেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।'
এ ঘটনায় ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মাদককারবারিকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে পুনরায় তা প্রকাশ করা হয় মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে।
মামলা ও আইনি ব্যবস্থা
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আটক রাসেল হাওলাদার এবং পলাতক নারী আঁখিকে আসামি করা হয়েছে।



