এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসিতে রড অপসারণের নির্দেশ
এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসিতে রড অপসারণ নির্দেশ

গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় বসানো স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নির্দেশনার কারণ

বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার সময় দ্রুত বের হতে না পারাই হতাহতের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার কিংবা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়লে যাত্রীদের দ্রুত বের হতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে বাসের দরজা ও জানালা দিয়ে তাৎক্ষণিকভাবে বের হতে গিয়ে যাত্রীদের নানা বাধার মুখোমুখি হতে হয়।

এসি বাসের জন্য নির্দেশনা

এ পরিস্থিতি মোকাবিলায় বিআরটিএ জানায়, এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) চিহ্ন থাকতে হবে। সেই সঙ্গে জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বের হতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নন-এসি বাসের জন্য নির্দেশনা

অন্যদিকে, নন-এসি গণপরিবহনের ক্ষেত্রে জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এসব বাসের জানালার মাঝ বরাবর সংযুক্ত স্টিলের রডও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনি ব্যবস্থা ও আহ্বান

বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, এসব ব্যবস্থা কার্যকর হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে। এই নির্দেশনা না মেনে চললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়াও সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ