অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির ঘোষণা
অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে নীতিমালা তৈরি হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে রাজধানীর যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় 'বাংলাদেশ রিকশা-ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক ফেডারেশন'-এর নেতারা অংশগ্রহণ করেন।

নীতিমালার মূল দিক

আব্দুস সালাম জানান, নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ডিজাইন, গতি ও নিরাপত্তা বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক রিকশা রাস্তায় চলবে— যাতে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না হয়। এ সময় ঢাকার বাইরে যারা অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা নিয়ে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে প্রকৃত রিকশাচালক ও মালিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

রিকশার ঐতিহ্য ও বর্তমান সংকট

ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নাগরিকদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। সরকার অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নগরীর শৃঙ্খলা ফেরাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে। নীতিমালায় জনভোগান্তি ও জীবিকা নির্বাহ দুটি বিষয়কেই ভারসাম্য করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, ২০২১ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় প্রায় ২ লাখ ১২ হাজার প্যাডেলচালিত রিকশা ও ভ্যানকে চলাচলের নিবন্ধন দেওয়া হয়। তবে বর্তমানে নিবন্ধনহীন ও অবৈধ ব্যাটারিচালিত রিকশার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় যানজট তীব্র হচ্ছে এবং নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফেডারেশনের দাবি

সভায় ফেডারেশনের নেতারা জানান, অবৈধ ব্যাটারিচালিত রিকশার দাপটে প্যাডেল চালিত রিকশা প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে অনেক চালকই প্যাডেলচালিত রিকশা চালাতে আগ্রহী নন। এতে কিছু মালিক লাইসেন্সযুক্ত প্যাডেল রিকশার কাঠামোতে ব্যাটারি সংযুক্ত করেছেন। তারা নিবন্ধনকৃত যেসব প্যাডেল রিকশায় ব্যাটারি যুক্ত করা হয়েছে, সেগুলোকে নতুন নীতিমালার আওতায় বৈধতা দেওয়ার দাবি জানান। এছাড়া রাজধানীর স্থায়ী রিকশা মালিক ও চালক ব্যতীত মৌসুমি রিকশা চালক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কনপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।