প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রকল্পের ব্যয় সাশ্রয়ী করার জন্য নির্দেশনা দিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের একনেকের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, 'প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এ ছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলোর যৌক্তিকতা যাচাই-বাছাই করতে হবে।'
একনেক সভায় পাস হওয়া প্রকল্প
একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উত্থাপিত হয়। এর মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে। প্রতিমন্ত্রী জানান, 'আজকে একনেক সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১৭টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাশ হয়েছে। তবে কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে। প্রায় প্রকল্পের ব্যাপারে কমেন্টের বিষয় আছে।'
সভায় উপস্থিত মন্ত্রীবর্গ
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



