রাজশাহীতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, যাত্রীরা চরম ভোগান্তিতে
রাজশাহীতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাজশাহী থেকে সব দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

যাত্রীদের দুর্ভোগ

ভুক্তভোগী যাত্রী শফিকুল আজিম বলেন, ‘গতকাল (মঙ্গলবার) ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আজ (বুধবার) বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছি। পরিবার এবং ছোট বাচ্চাকাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে। কবে বাস চলাচল স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। প্রতিদিন এভাবে এসে বাসায় ফিরে যাওয়া কষ্টকর।’

আরেক যাত্রী শফিকুল ইসলাম বলেন, ‘সকালে ঢাকা যাওয়ার জন্য বের হয়ে বাস টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, ‘ছোট বাচ্চা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেউ কিছু পরিষ্কার করে বলছে না। এভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা ঠিক না।’

দ্বন্দ্বের কারণ

পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বসার কথা রয়েছে। আমরাও চাই এই সমস্যার সমাধান হোক।’

প্রশাসনের পদক্ষেপ

যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছানোয় উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সংকট সমাধানে আজ রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এক জরুরি যৌথ সভার আহ্বান করা হয়েছে।

জানা গেছে, এই বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে সভায় উপস্থিত থাকবেন নাটোর ও রাজশাহীর জেলা প্রশাসক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংশ্লিষ্টরা আশা করছেন, বুধবারের এই যৌথ বৈঠক থেকেই মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং দ্রুত রাজশাহী থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।