জাতীয় নির্বাচন ভবিষ্যতের উৎকৃষ্ট উদাহরণ হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে অনুষ্ঠিত উৎসবমুখর ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন ভবিষ্যতে দেশের নির্বাচনী প্রক্রিয়ার জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
নতুন বাংলাদেশের অভিযাত্রার সূচনা
ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'এই নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নতুন অভিযাত্রার সূচনা। নুতন বাংলাদেশের জন্ম হয়েছে।' তিনি জোর দিয়ে বলেন, এই নির্বাচন ভবিষ্যতে কীভাবে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তার একটি আদর্শ মডেল হয়ে থাকবে।
জুলাই সনদ: অন্তর্বর্তী সরকারের বড় অর্জন
প্রধান উপদেষ্টা জুলাই সনদকে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 'জাতি কখনো জুলাই সনদের কথা ভুলবে না। এই সনদের ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে দেশের মানুষ। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।' তিনি আশা প্রকাশ করেন, এটি নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে।
মাইনাস পয়েন্ট থেকে শুরু
প্রধান উপদেষ্টা হিসেবে শেষ কর্মদিবসে বিদায় নেওয়ার আগে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস পয়েন্ট থেকে কাজ শুরু করেছে। 'আমরা ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, তারপর সংস্কারের পথ ধরেছি। আজ অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে, কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাকস্বাধীনতা ও অধিকার চর্চার ধারা যেন কখনো থেমে না যায়।'
স্বপ্ন ও শক্তি বাঁচিয়ে রাখার আহ্বান
ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্বপ্ন, আকাঙ্খা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারলে বাংলাদেশকে কেউ কোনদিন ঠেকাতে পারবে না। তিনি নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সকলের ওপর ন্যস্ত করে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
