এনসিপির অভিযোগ: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গণনায় অনিয়ম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনায় অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফেসবুক পোস্টে আইনের উদ্ধৃতি
অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা তার ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অন্যের একটি পোস্ট শেয়ার করেন। তার পোস্টে উল্লেখ করা হয়, ‘ছবিতে সংযুক্ত ব্যালটটি ঢাকা-৮ আসনের, যা প্রিসাইডিং অফিসার মির্জা আব্বাসের পক্ষে বৈধ ব্যালট পেপার হিসেবে গ্রহণ করেছেন।’ তিনি আর পি ও, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩১(৫)(খ) অনুযায়ী একজন ভোটারকে নির্ধারিত ঘরে চিহ্ন প্রদানের বিধান তুলে ধরেন।
এতে আরো লেখা হয়, ‘আর পি ও, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৬(৪)(গ)(iv) অনুযায়ী যে ব্যালট পেপারে এমন চিহ্ন আছে, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় না ভোটার কাকে ভোট দিয়েছেন—সেই ব্যালট গণনা থেকে বাদ দিতে হবে।’
ঢাকা-৮ আসনে অনিয়মের দাবি
পোস্টে অভিযোগ করা হয়, ‘ঢাকা-৮ এ প্রিসাইডিং অফিসাররা আর রিটার্নিং অফিসার আইনের বিন্দুমাত্র তোয়াক্কা না করে এরকম স্পষ্ট বহু বাতিল ব্যালট পেপারকে মির্জা আব্বাসের পক্ষে প্রাপ্তভোট হিসেবে গণণা করছেন।’ এতে আরো বলা হয়, ‘ঢাকা-৮ আসনে চোখের সামনে প্রশাসন কর্তৃক এই স্পষ্ট অনিয়ম করার উদ্দেশ্য পুরো জাতির সামনে পরিস্কার হয়ে গেছে বলে আশা করি।’
এনসিপির এই অভিযোগ ত্রয়োদশ সংসদ নির্বাচনের নির্বাচনী প্রক্রিয়ায় নতুন বিতর্কের সৃষ্টি করেছে। দলটি আইনগত ভিত্তিতে ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
