পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তায় বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট চলছে। এই নির্বাচনে মোট ২৯৪টি আসনে দুই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণের সময়সূচি ও জেলা তালিকা
প্রথম ধাপের ভোটগ্রহণে অংশ নিচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলা। দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল, এবং ভোট গণনা ও ফলাফল প্রকাশিত হবে ৪ মে।
প্রার্থী ও নিরাপত্তা ব্যবস্থা
প্রথম ধাপের ১৫২টি আসনে মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র জমা পড়েছিল ১,৫২৫টি। কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে সবচেয়ে বেশি ১৫ জন করে প্রার্থী রয়েছেন। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
নির্বাচন কমিশনের কড়াকড়ি
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে কোনো ধরনের হাঙ্গামা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ভোটকেন্দ্রে প্রবেশে কড়াকড়ি ব্যবস্থা রাখা হয়েছে। ভোটারদের নির্ধারিত পরিচয়পত্র দেখিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছ থেকে স্লিপ সংগ্রহ করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দলীয় নেতা-কর্মীদের অবাধ প্রবেশ বন্ধ রাখা হবে এবং ভোটকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে আলাদা ক্যাম্প থাকবে।
নির্বাচন কমিশন সতর্ক করেছে, ভোটারদের ভয় দেখানো, বাধা দেওয়া, হামলা করা বা ভোটপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে চলাচল করতে হবে এবং রাতে মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি থাকবে।



