রাজারবাগের আগুন থেকে স্বাধীনতার সূর্য: মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথা
মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের বীরত্বগাথা

রাজারবাগের আগুন থেকে স্বাধীনতার সূর্য: মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়, যেখানে একটি জাতি তার অস্তিত্ব, মর্যাদা এবং আত্মপরিচয়ের জন্য রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হয়। এই সংগ্রামের সূচনালগ্নে যে ক’টি শক্তি প্রথম সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিল, তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে গড়ে ওঠা প্রতিরোধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না; এটি ছিল স্বাধীনতার অগ্নিশিখার প্রথম দীপ্ত জ্বালা।

২৫ মার্চের ভয়াল রাত ও রাজারবাগের প্রতিরোধ

২৫ মার্চের সেই ভয়াল রাত বাঙালির ইতিহাসে এক কালো অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র মানুষের উপর গণহত্যা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইন্স ছিল তাদের প্রধান লক্ষ্যবস্তু। কারণ তারা জানত—এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে পারলেই বাঙালির প্রতিরোধ ভেঙে পড়বে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থানরত বীর পুলিশ সদস্যরা সীমিত অস্ত্র ও অপ্রতুল প্রস্তুতি সত্ত্বেও ইতিহাসের প্রথম সংগঠিত সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

রাজারবাগে তখন প্রায় ১,০০০ থেকে ১,২০০ পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তাদের হাতে ছিল থ্রি-নট-থ্রি রাইফেল, কিছু এলএমজি এবং অল্প গোলাবারুদ। অন্যদিকে পাকিস্তানি বাহিনী ছিল অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত—ট্যাংক, মর্টার, রকেট লঞ্চার ও ভারী মেশিনগান। এই অসম লড়াইয়ে জয়লাভ করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু আত্মসমর্পণ করা ছিল তাদের জন্য অসম্মানের। রাত গভীর হলে পাকিস্তানি বাহিনী চারদিক থেকে রাজারবাগ ঘিরে ফেলে এবং নির্বিচারে গোলাবর্ষণ শুরু করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম ধাক্কায় বহু পুলিশ সদস্য শহীদ হন, কিন্তু তবুও তারা সংগঠিত প্রতিরোধ গড়ে তোলেন। তারা ব্যারিকেড তৈরি করেন, অবস্থান পরিবর্তন করে কৌশলগতভাবে লড়াই চালিয়ে যান। এই প্রতিরোধ কয়েক ঘণ্টা স্থায়ী হয় এবং পাকিস্তানি বাহিনীকে সাময়িকভাবে হলেও থামিয়ে দেয়। এই সময়ে পুলিশ সদস্যদের মধ্যে যে আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়, তা ইতিহাসে বিরল।

জাতীয় অনুপ্রেরণা ও জিয়াউর রহমানের ভূমিকা

এই প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ দিক হলো—এটি পুরো জাতিকে অনুপ্রাণিত করে। রাজারবাগের প্রতিরোধের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশের বিভিন্ন স্থানে বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ হয়। চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। এইভাবে একটি বিচ্ছিন্ন প্রতিরোধ ধীরে ধীরে একটি সর্বাত্মক মুক্তিযুদ্ধে রূপ নেয়। এই প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রেরণাদায়ক এবং ইতিহাসনির্ধারক।

মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান-এর ভূমিকা ছিল বহুমাত্রিক, দূরদর্শী এবং এক কথায় যুগান্তকারী। ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার ঘোষণা বাঙালি জাতির মনে নতুন প্রাণসঞ্চার করে। সেই ঘোষণা ছিল শুধু একটি বার্তা নয়—এটি ছিল একটি যুদ্ধের ডাক, একটি জাতির আত্মপ্রকাশের ঘোষণা- যা দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে। সেই মুহূর্তে যখন পুরো জাতি বিভ্রান্ত, আতঙ্কিত ও দিকনির্দেশনাহীন- তখন তার কণ্ঠে স্বাধীনতা ঘোষণার দৃঢ় উচ্চারণ ছিল বাংলাদেশী জনগণের মুক্তির মন্ত্র।

জিয়াউর রহমানের নেতৃত্ব শুধু ঘোষণায় সীমাবদ্ধ ছিল না। তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরে মুক্তিবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সামরিক দক্ষতা, কৌশলগত চিন্তাভাবনা এবং দৃঢ় নেতৃত্ব মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে সহায়তা করে। তিনি গেরিলা যুদ্ধের কৌশল প্রয়োগ করেন, ছোট ছোট ইউনিটে বিভক্ত করে শত্রুর ওপর আঘাত হানার পরিকল্পনা গ্রহণ করেন, যা পাকিস্তানি বাহিনীকে দুর্বল করে তোলে।

তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযান পাকিস্তানি বাহিনীর মনোবল ভেঙে দেয়। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগিয়ে তোলেন। তার ব্যক্তিত্ব ছিল দৃঢ়, কিন্তু মানবিক। তিনি সৈনিকদের শুধু যুদ্ধ করতে বলেননি, তাদের অনুপ্রাণিত করেছেন দেশের জন্য বাঁচতে ও মরতে। তার এই নেতৃত্বের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে নয়, মানসিক ক্ষেত্রেও গভীর ছিল।

পুলিশের বহুমাত্রিক অবদান

বাংলাদেশ পুলিশের সদস্যরাও তার এই আহ্বানে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাজারবাগ থেকে বেঁচে যাওয়া অনেক পুলিশ সদস্য তার নেতৃত্বে বা তার অনুপ্রেরণায় বিভিন্ন সেক্টরে গেরিলা যুদ্ধে অংশ নেন। ফলে পুলিশের প্রাথমিক প্রতিরোধ এবং জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র তৈরি হয়, যা মুক্তিযুদ্ধকে দ্রুত বিস্তৃত করে।

মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান ছিল বহুমাত্রিক এবং সুদূরপ্রসারী। শুধু রাজারবাগেই নয়, দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। অনেক পুলিশ সদস্য সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং সেখানে প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেন। তারা বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা অভিযান পরিচালনা করেন।

পুলিশ সদস্যদের একটি বড় অবদান ছিল গোয়েন্দা তথ্য সংগ্রহ। তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ রেখে শত্রুর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন এবং তা মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন। এই তথ্যের ভিত্তিতেই অনেক সফল অভিযান পরিচালিত হয়। এছাড়া তারা যোগাযোগ রক্ষা, অস্ত্র পরিবহন এবং মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার কাজও করেন।

মুক্তিযুদ্ধের সময় পুলিশ সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তারা শরণার্থীদের নিরাপদে সীমান্ত পার হতে সাহায্য করেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করেন। এই মানবিক ভূমিকা তাদেরকে শুধু যোদ্ধা নয়, মানবতার রক্ষক হিসেবেও প্রতিষ্ঠিত করে।

স্থায়ী প্রভাব ও বর্তমান প্রজন্মের জন্য শিক্ষা

পুলিশ সদস্যদের অংশগ্রহণে গড়ে ওঠা স্থানীয় প্রতিরোধ ইউনিটগুলো মুক্তিযুদ্ধকে একটি গণযুদ্ধে রূপ দেয়। গ্রাম-গঞ্জে, শহরে, প্রত্যন্ত অঞ্চলে—সবখানেই তারা প্রতিরোধের আগুন জ্বালিয়ে রাখেন। তাদের এই তৃণমূলভিত্তিক প্রতিরোধ পাকিস্তানি বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।

পরিসংখ্যান অনুযায়ী, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের শত শত সদস্য শহীদ হন। অনেকেই আহত হন, অনেকেই বন্দি হন এবং নির্যাতনের শিকার হন। কিন্তু তাদের এই আত্মত্যাগ স্বাধীনতার পথকে সুগম করে। তাদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র।

রাজারবাগ পুলিশ লাইন্স আজও সেই বীরত্বের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভ আমাদের স্মরণ করিয়ে দেয় সেই বীরদের কথা, যাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্বাধীনতার পর বাংলাদেশ পুলিশ নতুনভাবে সংগঠিত হয় এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তাদের মুক্তিযুদ্ধকালীন অবদান চিরকাল জাতির স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। এটি শুধু ইতিহাস নয়; এটি আমাদের জাতীয় পরিচয়ের অংশ।

আজকের প্রজন্মের জন্য এই ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু অতীতের গল্প নয়; এটি আমাদের ভবিষ্যতের পথনির্দেশনা। রাজারবাগের সেই বীর পুলিশ সদস্যরা আমাদের শিখিয়েছেন—দেশের জন্য ভালোবাসা, সাহস ও আত্মত্যাগই একজন প্রকৃত নাগরিকের পরিচয়।

পরিশেষে বলা যায়, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান অনস্বীকার্য, অবিস্মরণীয় এবং চিরস্মরণীয়। রাজারবাগের সেই আগুন থেকেই জ্বলে উঠেছিল স্বাধীনতার সূর্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সাহসী নেতৃত্ব এবং বাংলাদেশ পুলিশের বীরত্ব একত্রে মুক্তিযুদ্ধকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায়। এই ইতিহাস আমাদের অনুপ্রাণিত করে, আমাদের গর্বিত করে এবং আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।

ড. মোঃ রুহুল আমিন সরকার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা।