পাবনার সাঁথিয়ায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের পোস্টার অপসারণ, পুলিশের অভিযান চলছে
পাবনায় নিষিদ্ধ সংগঠনের পোস্টার অপসারণ, পুলিশের তদন্ত

পাবনার সাঁথিয়ায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের পোস্টার অপসারণ

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন এলএম লাল পতাকা এর পোস্টার সাঁটানোর তিন দিন পর পুলিশ অভিযান চালিয়ে সেগুলো অপসারণ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ঈদুল ফিতরের দিন উপজেলার আতাইকুলা, ভুলবাড়িয়া, তেবাড়িয়া ও বনগ্রামসহ বিভিন্ন এলাকায় দোকান, দেয়াল ও জনসমাগমস্থলে লাল রঙের এসব পোস্টার স্থানীয়রা দেখতে পান।

পোস্টারে সাম্যবাদী বার্তা ও ছবি

পোস্টারগুলোতে ‘দুনিয়ার সর্বহারা এক হও’ স্লোগানের পাশাপাশি সাম্যবাদী আদর্শ প্রচারের বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে। এতে কার্ল মার্কস, ফ্রিডরিখ এঙ্গেলস, ভ্লাদিমির লেনিন, জোসেফ স্ট্যালিন এবং মাও সেতুংয়ের ছবি ব্যবহার করা হয়। পোস্টারগুলোর নিচে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নাম উল্লেখ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, গোপনে পুনর্গঠনের চেষ্টা করছে নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠনটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ‘চাঁদাবাজি, হত্যা, অপহরণ সব কিছু ছিল দৈনন্দিন ঘটনা। অনেক বছর ভালো ছিলাম, শান্তিতে ছিলাম। হঠাৎ এই পোস্টার দেখে আবার রাতে ঘুম হচ্ছে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অভিযান ও তদন্ত

মঙ্গলবার রাতে আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) নাহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় দেয়ালে সাঁটানো চরমপন্থি সংগঠনের পোস্টারগুলো অপসারণ করা হয়। পরে জব্দ করা পোস্টারগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) নাহিরুল ইসলাম জানান, ‘এ ধরনের নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির অনেকেই বন্দুক যুদ্ধে নিহত ও আত্মসমর্পণ করায় এটি প্রায় নেতৃত্বশূন্য ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এখন আবারও সংগঠিত হতে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তারা পোস্টার সাঁটিয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।