ছিনতাইকারী ও মলম পার্টি ধরিয়ে দিতে পরিবহন শ্রমিকদের পুরস্কার ঘোষণা ডিএমপি কমিশনারের
ছিনতাইকারী ধরাতে পরিবহন শ্রমিকদের পুরস্কার ঘোষণা ডিএমপির

ছিনতাইকারী ও মলম পার্টি ধরিয়ে দিতে পরিবহন শ্রমিকদের পুরস্কার ঘোষণা ডিএমপি কমিশনারের

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার পরিবহন শ্রমিকদের ছিনতাইকারী ও মলম পার্টি ধরিয়ে দিতে সহযোগিতা করার আহ্বান জানিয়ে পুরস্কার ঘোষণা করেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান বাস টার্মিনালে গণপরিবহনের চালক ও শ্রমিকদের নিয়ে ডিএমপি ও মালিক সমিতির উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ ঘোষণা দেন।

চালকদের জন্য কঠোর নির্দেশনা

গাড়িচালকদের উদ্দেশে কমিশনার সরওয়ার বলেন, “যাত্রার সূচি বজায় রাখতে হবে। না রাখা গেলে যাত্রীসাধারণকে জানিয়ে দিতে হবে বাস আসার সময়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না।” তিনি উল্লেখ করেন যে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ (বিআরটিএ) ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, “যাত্রীদের হয়রানি করবেন না। এক আসন একাধিক মানুষের কাছে বিক্রি করা যাবে না। বাসের আসন ব্যতীত ছাদে ও বাসে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। গতিসীমা মেনে চলতে হবে। ওভারটেকিং করা যাবে না। যেখানে বাঁক বা সেতু আছে সেখানে ওভারটেকিং করা যাবে না।”

নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় তিনি যোগ করেন, “নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুম ঘুম ভাব ও অসুস্থতা নিয়ে গাড়ি চালাবেন না। পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাবেন না। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা বা হেডফোন ব্যবহার করা যাবে না। উচ্চস্বরে গান বাজানো যাবে না। কালো ধোঁয়া নির্গত গাড়ি রাস্তায় নামানো যাবে না।”

ট্রাফিক ব্যবস্থাপনা ও ঈদের প্রস্তুতি

চালকদের উদ্দেশে কমিশনার আরও বলেন, “খেয়াল রাখতে হবে বাস যাতে রাস্তায় নষ্ট না হয়। নষ্ট হলে কিন্তু আমাদের সবার ক্ষতি। আমরা ট্রাফিক পুলিশ দেখবো ও অ্যাকশন নেবো— যেসব বাস ট্রাফিক তৈরি করে (তা নিয়ে)।”

তিনি ঈদের সময়ের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, “অন্যান্য বিষয়, যেমন ফিটনেস নেই, নম্বর প্লেট নেই— এসব সমস্যা আমরা ঈদের সময় দেখবো না। ঈদের সময় দেখবো যাতে ট্রাফিক জ্যাম না করে। জ্যাম করলে কঠোর ব্যবস্থা নেবো।”

অপরাধী ধরাতে পরিবহন শ্রমিকদের সহযোগিতা ও পুরস্কার

পরিবহন শ্রমিকদের অনুরোধ করে কমিশনার বলেন, “যারা বিভিন্ন রকম ছোট ছোট অপরাধ করেন, ছিনতাইকারী-মলম পার্টি, এদের ধরাতে আপনারা সহযোগিতা করুন। কারণ আপনারা চিনবেন কারা যাত্রী, আর কারা ছিনতাইকারী, মলম পার্টি বা বিভিন্ন ধরনের অপরাধী।”

তিনি পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, “এদের আপনারা পুলিশের কাছে ধরিয়ে দেবেন। ব্যাপকসংখ্যক পুলিশ থাকবে। আমরা আপনাদের ধরানোর জন্য পুরস্কার দেবো। আর যদি ধরিয়ে দিতে ঝুঁকি মনে হয়, আপনি পুলিশকে গোপনে দেখিয়ে দেবেন। হাতেনাতে ধরতে পারলে ভালো, তবে আইন নিজেদের হাতে তুলে নেবেন না। পুলিশ বাকি ব্যবস্থা নেবে।”

এসময় যে-কোনও ধরনের সমস্যা পুলিশকে জানানোর অনুরোধও জানান তিনি, যা গণপরিবহন ব্যবস্থার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।