ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের গোয়েন্দা বিভাগের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত র্যাব-৯-এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা
আটক ব্যক্তিরা হলেন– খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির, নয়ন মিয়ার ছেলে রাহিম আহমেদ, মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া, হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী ও জামাল মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম।
ঘটনার বিবরণ
র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, সোমবার বিকালে জেলার বাঞ্ছারামপুরে র্যাবের তিন জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্যে যাচ্ছিলেন। পথে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এ সময় র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায় তারা। পরে আটকে রেখে মারপিট করে। এ সময় এক র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযান ও অস্ত্র উদ্ধার
এই ঘটনায় অভিযুক্তদের ধরতে রাত থেকে আজ সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালায় র্যাব। এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের মধ্যে এক নারী সহ পাঁচ জনকে আটক করা হয়। এর মধ্যে হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদির রয়েছে। অভিযান কালে উদ্ধার করা হয় কিছু দেশি অস্ত্র-শস্ত্র।



