রাজশাহীতে চোর সন্দেহে তরুণকে গাছে বেঁধে পিটুনি, ভিডিও ভাইরাল
রাজশাহীতে চোর সন্দেহে তরুণকে গাছে বেঁধে পিটুনি

রাজশাহীতে এক তরুণকে চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। নির্যাতনের ভিডিও মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। গতকাল রোববার মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার তুষার

নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই তরুণ লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ তিনি ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন। ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু এরপরও মন গলেনি নির্যাতনকারীদের।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগে তাঁকে মারধর করা হয়েছে। তবে কী চুরির অভিযোগে, তা জানা যায়নি। কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া—দুটিই অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ