প্রধানমন্ত্রীর নির্দেশ: ১২ ঘণ্টায় কুরবানির বর্জ্য অপসারণ
প্রধানমন্ত্রীর নির্দেশ: ১২ ঘণ্টায় কুরবানির বর্জ্য অপসারণ

আগামী পবিত্র ঈদুল আজহার কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ঈদুল আজহার ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কুরবানি পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমরা আজই প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি। তিনি ১২ ঘণ্টার মধ্যে সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পর্যায় ও সংশ্লিষ্ট সব স্থান থেকে বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন। যেখানে আগে বর্জ্য উপচে পড়ার ঘটনা ঘটত এবং পরিষ্কার হতো না, সেসব স্থান ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার নিশ্চিত করতে তিনি অনুশাসন জারি করেছেন। সিটি করপোরেশনের দুই প্রশাসক এখানে উপস্থিত ছিলেন।’

পরবর্তী পদক্ষেপ

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রী সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক এবং মেয়রদের সাথে বসবেন এবং জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করবেন। আমরা নিশ্চিত করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে এবং বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার হবে। পাশাপাশি স্যানিটেশনসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে যাতে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মহাসড়ক ও রেললাইনে পশুর হাট নিষিদ্ধ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে মহাসড়কের শৃঙ্খলা রক্ষার্থে সড়কের ওপর কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। একই নিষেধাজ্ঞা রেললাইনের পাশের এলাকাগুলোর জন্যও বলবৎ থাকবে। এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ