পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) ভোরে ওই বাসার তিনতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নারী পুলিশ সদস্যের পরিচয়
মেহেরুন্নেছা উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার স্বামী মহিববুর রহমান বাপ্পী বহিষ্কৃত পুলিশ সদস্য।
পারিবারিক কলহের ইতিহাস
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৮ মাস আগে মেহেরুন্নেছা উর্মি তার স্বামী বাপ্পী এবং দুই সন্তান ফারদিন (দেড় বছর) ও ফারিস্তাকে (৪) নিয়ে ওই এলাকায় ভাড়ায় বসবাস শুরু করেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
শুক্রবার (১ মে) রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তদন্ত চলমান
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, মেহেরুন্নেছা উর্মির স্বামী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছে। শিশু দুটির দেখভাল করছে থানা পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।



