রাজবাড়ীতে পুলিশকে মারধর, শ্যালক-দুলাভাই আটক
রাজবাড়ীতে পুলিশকে মারধর, শ্যালক-দুলাভাই আটক

রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় শ্যালক-দুলাভাইসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা

আটকরা হলেন— রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর কামারদা গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. মাসুম (৩৩) এবং একই উপজেলার বহরপুর খালকোলা এলাকার মো. বাচ্চু মোল্লার ছেলে ও মাসুমের শ্যালক মো. ছাবিত মোল্লা (২১)।

ঘটনার বিবরণ

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাসুম ও ছাবিতসহ তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ীতে আসেন। পরে তারা ট্রেন থেকে নেমে অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী অটোরিকশাটি ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছলে সেখানে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক কনস্টেবল আছাদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় কনস্টেবল আছাদ কর্তব্য পালনের অংশ হিসেবে অটোরিকশাটি থামার সংকেত দিলে বিষয়টি নিয়ে যাত্রীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অটোরিকশা থেকে নেমে কনস্টেবল আছাদের সঙ্গে মাসুম ও ছাবিতের ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ