চানখাঁরপুলে বাসের চাপায় এক ব্যক্তি নিহত
চানখাঁরপুলে বাসের চাপায় একজনের মৃত্যু

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত জয়দেব পান্ডে (৩৮) রয়েল ল্যাবরেটরিজের (হারবাল মেডিসিন) একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনার বিবরণ

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুছা গাজী জানান, বিকেলে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একই পরিবহনের আরেকটি বাস পাল্লা দিতে গিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের পরিচয় ও পরিবার

নিহত জয়দেবের সহকর্মী মিজানুর রহমান হাসপাতালে বলেন, ‘জয়দেব আমার বন্ধু ও সহকর্মী। আমরা একই প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। বিকেলে ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে এসে জানতে পারি, তিনি মারা গেছেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, জয়দেবের দুই মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তাঁর পরিবার বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।