খুলনার পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাই করতে গিয়ে সুমন শেখ নামে এক যুবক আটক হয়েছেন। তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটকের বিবরণ
সুমন শেখ (৩২) রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকার মৃত নুরু শেখের ছেলে। তিনি পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের জামাতা। বুধবার দুপুরে পাইকগাছা হাসপাতাল মোড়ে একটি ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশন কক্ষে ডাক্তার দেখাতে আসা সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের মৃত তারাপদ বাইনের ছেলে বিষ্ণুপদ বাইনের (৪২) পকেট থেকে ৪ হাজার টাকা ছিনতাই করছিলেন। বিষ্ণুপদ বাইন বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীকে হাতেনাতে জাপটে ধরেন। এ সময় লোকজন এসে তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।
চোরাই মোবাইল উদ্ধার
আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলার বাঁকা শ্রীকান্তপুর গ্রামের মো. খাইরুল আলম নামে এক ব্যক্তি এসে মোবাইলটি তার নিজের বলে শনাক্ত করেন। খাইরুল আলম জানান, তিনিও হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। কোনো এক ফাঁকে সুমন তার পকেট থেকে মোবাইলটি হাতিয়ে নেন।
স্বীকারোক্তি ও মামলা
সুমন মোবাইল চুরি ও টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, আটক সুমন থানা হেফাজতে রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।



