অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তার বাম হাত ও পায়ে তীব্র ব্যথা ও অবশভাব দেখা দেয়।

প্রাথমিক চিকিৎসা ও সিদ্ধান্ত

ঘটনার পর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্রুত এয়ার ইভাকুয়েশন

বিজিবি জানায়, দুর্গম পার্বত্য সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যের জীবন ও সুস্থতাকে গুরুত্ব দিয়ে দ্রুত এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা করা হয়। এ লক্ষ্যে বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বয়ে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। বিজিবি হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে পৌঁছায়। বর্তমানে হাবিলদার এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির প্রতিশ্রুতি

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যই বাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ। তাই দায়িত্ব পালনকালে কোনও সদস্য অসুস্থ বা আহত হলে তার জীবনরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ