কসবায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রবাসফেরত যুবক নিহত
কসবায় ছুরিকাঘাতে প্রবাসফেরত যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৩) নামে এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনোয়ার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।

ঘটনার বিবরণ

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, শুক্রবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে একই এলাকার সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে ঘাতক সাব্বির আমার ছেলে আনোয়ারকে অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতরভাবে আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. মিশকাতুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের দাবি

নিহতের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। আমি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’ তিনি দ্রুত হত্যাকারীকে আইনের আওতায় আনার আহ্বান জানান।

পুলিশের অবস্থান

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক এবং নিহত যুবক আগে থেকে একে অপরের সঙ্গে পরিচিত ছিল বলে জানতে পেরেছি। আমরা হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছি। দ্রুত হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ