রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। শুক্রবার (৫ জুন) দুপুরে দুর্ঘটনাকবলিত দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।
প্রাণহানি না হওয়ার কারণ
প্রতিমন্ত্রী বলেন, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত তৎপরতা ও পূর্বপ্রস্তুতির কারণেই কোনো প্রাণহানি ঘটেনি। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাস থেকে যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠার পর আবার বাসে ওঠানো হয়, যা দেশের ইতিহাসে প্রথম।
ঘটনার বিবরণ
প্রতিমন্ত্রী বলেন, বাসটি যে ফেরিতে ওঠার কথা ছিল, সেটিতে না উঠে দ্রুতগতিতে পাশে দাঁড়িয়ে থাকা ফেরির ঢালায় আঘাত করে এবং ঢালা ভেঙে নদীতে পড়ে যায়। মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো অব্যবস্থাপনা ছিল কিনা, সেটা জেলা ও পুলিশ প্রশাসনসহ ঘাট সংশ্লিষ্টরা খতিয়ে দেখবে। এখন পর্যন্ত কোনো অনিয়ম নজরে আসেনি।
তদন্তের দিকনির্দেশনা
প্রতিমন্ত্রী আরও জানান, গাড়ির চালক ও হেলপার সুস্থ হলে জানা যাবে গাড়ির কোনো সমস্যা ছিল কিনা, চালকের কোনো সমস্যা ছিল কিনা বা গাড়ির ফিটনেসের কোনো সমস্যা ছিল কিনা। এসব বিষয় তদন্ত করে দেখা হবে। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



