শ্রীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
শ্রীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর মো. নাঈম (২৭) নামের এক ব্যবসায়ীর হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের শেখেরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয়

নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসার পাশাপাশি বাড়ির পাশের একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষের প্রকল্প পরিচালনা করতেন।

নিখোঁজের ঘটনা

নাঈমের পরিবারের সদস্যরা বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তিনি টর্চলাইট নিয়ে বাড়ির পাশের পুকুরে মাছের প্রকল্প দেখতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে কল কেটে দেওয়া হয় এবং পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরদেহ উদ্ধার

আজ সকালে স্থানীয় লোকজন বরকুল গ্রামের শেখেরঘাট এলাকায় একটি মহিলা মাদ্রাসার পেছনে হাত–পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি নাঈমের বলে শনাক্ত করেন।

পুলিশের কার্যক্রম

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ