চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলারোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের মল্লিক বাড়ির দূর্গাপদ মল্লিক (৬০) এবং তার ছেলে বিধান মল্লিক বাবু (৪০)। দূর্গাপদ মল্লিকের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বিধান মল্লিক বাবু সবার বড়। নিহত বাবু কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী আতিক হামীম জানান, চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলীর দিকে আসার পথে স্পিড ব্রেকারে মোটরসাইকেলের গতি কমে যায়। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ দ্রুত গতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং সামনের আরেকটি মাইক্রো গাড়িকে আঘাত করে। ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয় এবং ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা পরিবার নিয়ে চট্টগ্রাম শহরের ফিশারিঘাটে বসবাস করতেন। ঘটনার দিন তারা মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি আনোয়ারায় আসছিলেন।
পুলিশের বক্তব্য
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। চালককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত একজনকে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।



