নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাবা-মা ধান কাটতে বাড়ির বাইরে গেলে ১৪ বছরের এক কিশোরীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যান। এ সময় তাকে বাড়িতে একাকী পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান কিশোরীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বাবা-মা বাড়ি ফিরলে ভুক্তভোগী কিশোরী তার মা এবং অন্যদের ঘটনাটি জানায়।
স্থানীয় মীমাংসা ব্যর্থ
প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়, কিন্তু তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে গোবিন্দ পাহানকে আটক করে।
পুলিশের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, 'ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করে এজাহারনামীয় আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।'
আটক গোবিন্দ পাহান উপজেলার স্বরূপপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।



