ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি গাছের সঙ্গে পেছনে দুই হাত বাঁধা অবস্থায় মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তাঁর পরনে প্যান্ট ছিল, তবে কোনো জামা ছিল না এবং বুকে কোপের চিহ্ন ছিল। মরদেহের পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল। পুলিশ এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, কোথাও থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
পুলিশের বক্তব্য
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলটি খুবই প্রত্যন্ত এলাকা। লোকটিকে বাইরে থেকে ধরে এনে হত্যা করা হতে পারে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। পরিচয় শনাক্ত হওয়ার পর কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কাজ করা হবে।



