বাগেরহাটে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সোয়া ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতদের একজন আব্দুল কাদের ফরাজী (৪৫) ফকিরহাট উপজেলার লখপুরের বাসিন্দা। তিনি পেশায় ভাড়ার মোটরসাইকেলের চালক। অন্য দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার বিবরণ
কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, বুধবার সকালে মোংলা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি ভট্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের ফরাজী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই আরোহীকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের তথ্য
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
পুলিশের ব্যবস্থা
কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মো. জাফর আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পণ্যবাহী ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ওসি আরও বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



