মুগদায় উদ্ধার খণ্ডিত মরদেহ সৌদিপ্রবাসী মোকারমের
মুগদায় উদ্ধার খণ্ডিত মরদেহ সৌদিপ্রবাসী মোকারমের

রাজধানীর মুগদায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. মোকারম মিয়া। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে তাঁর চাচাতো ভাই রিফাত মরদেহ শনাক্ত করে বুঝে নেন। মোকারম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের সোহরাব মিয়ার ছেলে।

নিখোঁজের ঘটনা

রিফাত জানান, মোকারম প্রায় সাড়ে তিন বছর সৌদি আরবে ছিলেন। তাঁর স্ত্রী জোনাকি বেগমের বরাত দিয়ে তিনি বলেন, ১৩ মে বিকেলে ইমোতে মোকারমের সঙ্গে কথা হয়েছিল। তবে তখন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু জানাননি। এর পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

সহকর্মীর তথ্য

রিফাত আরও জানান, ১৪ মে সৌদি আরবে থাকা মোকারমের এক সহকর্মীর সঙ্গে কথা হয়। তিনি জানান, ১৩ মে দিবাগত রাতে মোকারম বাংলাদেশে রওনা হন। যাওয়ার আগে কিছু মালামাল ওই সহকর্মীর কাছে রেখে গিয়েছিলেন। এর বাইরে তাঁরা আর কিছু জানতে পারেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরদেহ শনাক্ত

রোববার রাতে পুলিশের মাধ্যমে তাঁরা জানতে পারেন, মোকারমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত মোকারমের দুই ছেলে রয়েছে। তাঁদের নাম বায়জিদ ও মোজাহিদ। তিন ভাই ও দুই বোনের মধ্যে মোকারম ছিলেন সবার বড়।

মরদেহ উদ্ধার

রোববার মুগদার মান্ডা এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন খণ্ডিত মরদেহের সাতটি অংশ উদ্ধার করে পুলিশ। পরে দিবাগত রাতে মানিকনগর এলাকা থেকে পলিথিনে মোড়ানো একটি কাটা মাথা উদ্ধার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ