নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান ও একটি হাতকড়া উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব সরঞ্জাম ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে থানা পুলিশ।
গ্যাসগান ও হাতকড়া উদ্ধারের ঘটনা
সোমবার (১৮ মে) দুপুরে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার এলাকার সুবেদ আলী মার্কেটের পেছনে জাকির ডাক্তার নামে এক ব্যক্তির বাড়ির টয়লেটের ছাদ থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান উদ্ধার করা হয়েছে। গ্যাসগানটির বাট নম্বর ১২৩। এ ছাড়া বাংলাদেশ পুলিশের লোগো খোদাই করা একটি হাতকড়াও উদ্ধার করা হয়েছে।
পুলিশের বক্তব্য
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, উদ্ধার হওয়া গ্যাসগান ও হাতকড়াটি ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার হওয়া সরঞ্জাম দুটি আড়াইহাজার থানার বলে পুলিশ নিশ্চিত করেছে।



