যশোরে ব্যবসায়ী হত্যার মূল আসামি গ্রেপ্তার
যশোরে ব্যবসায়ী হত্যার মূল আসামি গ্রেপ্তার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার প্রধান আসামি শাহ মো. মাহমুদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে যশোর শহরের আর এন রোড এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ব্রিফিংয়ে তথ্য জানালেন পুলিশ

আজ সোমবার দুপুরে যশোরের পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। গ্রেপ্তার মাহমুদ হোসেন অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের শাহ মো. জুনায়েদের ছেলে।

ঘটনার বিবরণ

৬ মে সন্ধ্যায় নওয়াপাড়ার পীরবাড়ি মাদ্রাসার পাশে আনিছুর রহমানের মালিকানাধীন বহুতল মার্কেটের সামনে এক ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। রাত আড়াইটার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আনিছুর রহমান নওয়াপাড়া বাজারের সার, খাদ্যশস্য, কয়লা, সিমেন্ট আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মজিদ বকস সরদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও প্রতিক্রিয়া

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে ৭ মে অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলায় শাহ মো. মাহমুদ হোসেন ও নাসির উদ্দিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়। এ হত্যাকাণ্ডের পর নওয়াপাড়ার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে গত বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী আনিছুর রহমানের মূল হত্যাকারী, যার আঘাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা সম্ভব নয়। তিনি প্রাথমিকভাবে হত্যার কারণ এবং হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত করেছেন, সেটা পুলিশের কাছে বর্ণনা করেছেন। খুব শর্ট টাইমের মধ্যে আমরা আপনাদের সামনে এ ঘটনার মূল রহস্য ব্রিফ করব।’