মন্ত্রিপরিষদে ডাক পেলেন কুমিল্লার হাজী আমিনুর রশীদ ইয়াছিন, শপথ নিচ্ছেন আজ
মন্ত্রিপরিষদে ডাক পেলেন কুমিল্লার হাজী ইয়াছিন

মন্ত্রিপরিষদে ডাক পেলেন কুমিল্লার হাজী আমিনুর রশীদ ইয়াছিন

কুমিল্লা থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে তাকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ইয়াছিন নিজেই।

শপথের প্রস্তুতি ও গুঞ্জন

বেলা ১২টার দিকে ইয়াছিনের ছোট ভাই কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে হাজী আমিনুর রশিদ ইয়াছিন ভাইকে ফোন করা হয়েছে। তাকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, ইয়াছিন ভাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।

এদিকে সকাল থেকেই ইয়াছিন মন্ত্রিপরিষদ ডাক পেয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে তিনি মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বলে তার নিকটজনরা জানান। ইয়াছিনের সমর্থক এবং অনুসারীরা তার মন্ত্রিত্বের ডাক পাওয়ার বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাছাড়া কুমিল্লার স্থানীয় গণমাধ্যমগুলোতেও ডাক পেয়েছেন ইয়াছিন শিরোনামে সংবাদ প্রকাশিত হচ্ছে।

নির্বাচনী পটভূমি ও দায়িত্ব পালন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসন থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে নামেন তিনি। পরে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তাকে নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানান। তারেক রহমান এসময় তাকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচন পরিচালনার সমন্বয়ের দায়িত্ব দেন।

দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত তিনি যথাযথভাবে পালন করেন এবং পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য ভূমিকা রাখেন। এতে দলের চেয়ারম্যানসহ হাই কমান্ড তার প্রতি সন্তুষ্ট হন। এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইয়াছিন ভাইকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে আমরা খবর পেয়েছি।

এই ডাক পাওয়ার মাধ্যমে ইয়াছিনের রাজনৈতিক ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তার শপথ গ্রহণ অনুষ্ঠানটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।