নাক কেন চোখের সামনে থেকেও অদৃশ্য?
এক চোখ বন্ধ করে, চোখের মণি না নাড়িয়ে সোজা সামনের দিকে তাকিয়ে দেখুন। দৃষ্টির এক কোণায় আবছা একটা জিনিস দেখা যাচ্ছে না? ওটাই আপনার নাক। আমরা যতক্ষণ জেগে থাকি, নাক সারাক্ষণ আমাদের চোখের সামনে থাকে। তা সত্ত্বেও আমরা বেশির ভাগ সময় বুঝতেই পারি না যে নাকটি সেখানে আছে। কিন্তু চোখের ঠিক সামনে থাকার পরও নাক কেন আমাদের নজরে পড়ে না?
যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মাইকেল ওয়েবস্টার বলেন, ‘আমরা কিন্তু চাইলে আমাদের নাক দেখতে পারি। আসল বিষয় হলো, আমরা বেশির ভাগ সময় এটা নিয়ে মাথা ঘামাই না।’
মস্তিষ্কের চালাকি: অপ্রয়োজনীয় তথ্য বাদ দেওয়া
আমাদের চোখ কেন সব সময় নাককে এড়িয়ে যায়, তার পেছনে চমৎকার কারণ আছে। আমরা পৃথিবীকে যেভাবে দেখি, আমাদের চোখ কিন্তু হুবহু সেই ছবি আমাদের দেখায় না; বরং আমাদের মস্তিষ্ক চারপাশের দুনিয়ার একটা বিশেষ মডেল তৈরি করে আমাদের সামনে তুলে ধরে, যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আমরা চোখ দিয়ে যা দেখি, তা আসলে আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে মস্তিষ্কের একটা আগাম অনুমান মাত্র।
মানুষের মস্তিষ্ক সব সময় নতুন ও অদ্ভুত বিষয়গুলো খুঁজে বের করতে চায়। চারপাশের কী কী জিনিস বদলে যাচ্ছে, কোথায় বিপদ আছে কিংবা কোন জিনিসটি হঠাৎ আলাদা লাগছে। কিন্তু নিজের নাক তো সব সময় একই জায়গায় থাকে। এটা সম্পর্কে মস্তিষ্ক আগে থেকেই সব জানে। তাই নাক নিয়ে নতুনভাবে ভাবার কোনো প্রয়োজন পড়ে না। সারাক্ষণ চোখের সামনে থাকা নাকের দিকে মনোযোগ দিলে মস্তিষ্কের ফালতু শক্তি অপচয় হতো, যা একধরনের বড় ঝামেলা।
বেঁচে থাকার লড়াইয়ে মস্তিষ্কের সিদ্ধান্ত
বেঁচে থাকার লড়াইয়ের দিক থেকে ভাবলে মস্তিষ্কের এই সিদ্ধান্ত একদম বুদ্ধিমানের মতো। যখন আপনাকে কোনো বিপদ থেকে বাঁচতে হবে, খাবার খুঁজতে হবে কিংবা রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, তখন নাকের মতো একটা চেনা জিনিস নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা মানে শক্তির অপচয়। এ কারণে বাইরের জগৎকে যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি, সে জন্য আমাদের মস্তিষ্ক নিজের শরীরের এমন অনেক চেনা তথ্য নিজে থেকে বাদ দিয়ে দেয়।
উদাহরণস্বরূপ, আমাদের চোখের রক্তনালিগুলোর কথাই ধরা যাক। চোখের যে কোষগুলো বাইরের আলো শোষণ করে নেয়, সেগুলো থাকে চোখের একদম পেছনের দিকে। আর এই কোষগুলোর ঠিক সামনেই থাকে জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য রক্তনালি। বিষয়টি অনেকটা এমন যে আপনি একটা মরা ডালপালাওয়ালা গাছের ভেতর বসে আছেন এবং সেই ডালপালার ফাঁকফোকর দিয়েই বাইরের পৃথিবীকে দেখছেন।
রক্তনালি ও ব্লাইন্ড স্পট: মস্তিষ্কের সম্পাদনা
আমাদের মস্তিষ্ক সারাক্ষণ এই রক্তনালির ছবিগুলোকে এডিট করে বাদ দিয়ে দেয় বলেই আমরা এগুলো দেখতে পাই না। তবে বিশেষ উপায়ে চোখের এই রক্তনালিগুলোকেও দেখা যায়। চোখের ডাক্তাররা যখন পরীক্ষার সময় চোখের ওপর টর্চের মতো তীব্র আলো ফেলেন, তখন চোখের সামনে কিছু কালো আঁকাবাঁকা দাগ দেখা যায়। এগুলো আসলে চোখের ভেতরে থাকা সেই রক্তনালিগুলোরই ছায়া।
আমাদের মস্তিষ্ক যে শুধু অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়, তা কিন্তু নয়। অনেক সময় এটি নিজের মতো করে নতুন তথ্য তৈরি করেও নেয়। মানুষের চোখে ‘ব্লাইন্ড স্পট’ বা একটা অন্ধবিন্দু থাকে। চোখের যে অংশটি থেকে অপটিক স্নায়ু বা মেইন রগটি মস্তিষ্কের দিকে চলে গেছে, সেখানে আলো চেনার মতো কোনো কোষ থাকে না। এই অন্ধবিন্দু আমাদের চোখের সামনে এতটা জায়গাজুড়ে থাকে, যা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আকারে দ্বিগুণের বেশি বড়। অথচ এত বড় একটা ফাঁকা জায়গা চোখের সামনে থাকার পরও আমরা কিছু টের পাই না।
মস্তিষ্ক নিজেই ফাঁকা জায়গা পূরণ করে
আমাদের মস্তিষ্ক আসলে চারপাশের অবস্থা দেখে সেই ফাঁকা জায়গাটি নিজে থেকেই পূরণ করে নেয়। আমরা যখন কোনো সাদা কাগজের দিকে তাকাই, তখন ব্লাইন্ড স্পটের চারপাশে থাকা সাদা রং দেখে মস্তিষ্ক নিজে থেকেই অনুমান করে নেয় যে ফাঁকা অংশটিও সাদাই হবে। এভাবেই মস্তিষ্ক আমাদের পুরো দৃষ্টির ফাঁকফোকরগুলো ঢেকে দেয়।
নাকের এই ব্যাপারটি আপনি এখনই নিজে পরীক্ষা করে দেখতে পারেন। এই মুহূর্তে আপনি নাক নিয়ে পড়ছেন। তাই দেখবেন আপনার অজান্তেই হুট করে নজরটা নিজের নাকের ওপর চলে গেছে। আপনি সেটা দেখতে পাচ্ছেন। আপনি যখন নিজে থেকে কোনো জিনিসের দিকে মন দেবেন, তখন আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেটা আপনাকে দেখাবে।
চোখ ক্যামেরা নয়, বরং শিল্পী
চোখের সামনে থেকেও নাক অদৃশ্য হয়ে থাকার পেছনে বিজ্ঞানের এক দারুণ রহস্য লুকিয়ে আছে। আসলে আমাদের চোখ কিন্তু কোনো ক্যামেরা নয় যে সামনে যা পাবে, হুবহু তা–ই রেকর্ড করে দেখাবে। চোখ বরং একজন চালাক শিল্পীর মতো। আমাদের বেঁচে থাকার জন্য চারপাশের দুনিয়ার যতটুকু জানা দরকার, ঠিক ততটুকুই আমাদের সামনে ফুটিয়ে তোলে।
সূত্র: লাইভ সায়েন্স



