জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরী (২৫) দুর্বৃত্তদের কুপিয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে ওয়ারি থানাধীন ১৫ নারিন্দা রোড অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার বিবরণ
পুরোহিতের রুমমেট দুর্জয় সাহা সাংবাদিকদের জানান, রাতে বাসা হতে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হলে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। এতে তিনি মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তিনি সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকেন।
পরবর্তী সময়ে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদা দাবি
দুর্জয় সাহা আরও জানান, পুরোহিতের ছিনতাইকৃত মোবাইল নম্বর থেকে তার বোন জয়ার নিকট ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।
পুলিশের বক্তব্য
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



