আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার দেশের ৬৪টি জেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, মাদক জাতিকে মেধাশূন্য করে; সমাজ ও দেশকে বাঁচাতে মাদক প্রতিরোধ করতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের সহজলভ্যতা ঠেকানো ও খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখার ওপর জোর দেওয়া হয়।
নারায়ণগঞ্জে মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক। সঞ্চালনা করেন বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মৌন লাকী। বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় ও সনাকের নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক জাহিদুল হক। স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি সাব্বির আল ফাহাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজনের নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি রাসেল আদিত্য, সাধারণ সম্পাদক ইমরান নাজির, সাংগঠনিক সম্পাদক ইউসুফ কবির, সাবেক সহসভাপতি গাজী খায়রুজ্জামান, কার্যকরী সদস্য কাজী তানভীর হাসান, সাব্বির আমির, তাইজুল ইসলাম, এস এ বিপ্লব, জাকির আল সরদার, আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গাজীপুরে মানববন্ধন
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন। বক্তব্য দেন সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, সাংবাদিক রেজাউল করিম, এ কে এম শিশির, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা ও শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা প্রমুখ।
মুন্সিগঞ্জে মানববন্ধন
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন। সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ বন্ধুসভার সভাপতি মাশফিক সিহাব। বক্তব্য দেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মুন্সিগঞ্জের সভাপতি মজিবুর রহমান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান, বিডি ক্লিনের মুন্সিগঞ্জের সমন্বয়ক অমিত হাসান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য রিফাত হাসান।
মানিকগঞ্জে মানববন্ধন
মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. চাঁন মিয়া। বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সুজনের জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সিপিবির ঘিওর উপজেলা সভাপতি দুলাল বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সমাজসেবক আমজাদ হোসেন, সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, দিশারীর প্রতিষ্ঠাতা সভাপতি হাসান শিকদার, সদর উপজেলার দিঘী ইউনিয়নের মাদক নির্মূল কমিটির সহসভাপতি ঝর্ণা আক্তার, মানিকগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক লিটন হোসেন ও সদস্য মোহসিন মোহাম্মদ মাতৃক প্রমুখ।
কর্মসূচিতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। [প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]



