ফরিদপুরের নগরকান্দায় যুগান্তর প্রতিনিধির ওপর হামলা, প্রাণনাশের হুমকি
নগরকান্দায় সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

ফরিদপুরের নগরকান্দায় যুগান্তর প্রতিনিধির ওপর হামলা, প্রাণনাশের হুমকি

ফরিদপুরের নগরকান্দায় যুগান্তর পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান বাবুর ওপর হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর জখম হন এবং প্রাণনাশের হুমকি পান। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ঘটনার বিবরণ

মিজানুর রহমান বাবু (৪৯) নগরকান্দা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নগরকান্দা বাজারে শাহিন মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন বাবু। এ সময় বিরোধের জের ধরে একই উপজেলার মিরাকান্দা গ্রামের বাসিন্দা লিয়াকত আলী (৫৫) হঠাৎ সেখানে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর হামলা চালান।

ভুক্তভোগীর অভিযোগ, লিয়াকত একটি কাঠের বাটাম দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করেন। এ সময় তিনি হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার বাম হাতের বাহুতে এবং ডান হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত ও জখম হন। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে হুমকি দেন যে, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে তার প্রাণনাশ করা হবে।

চিকিৎসা ও অভিযোগ দাখিল

ঘটনার পর আহত বাবু নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হওয়ার পর বিষয়টি স্থানীয় ব্যক্তিদের অবহিত করে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

স্থানীয় প্রতিক্রিয়া

এ ব্যাপারে নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ বলেন, "একজন সাংবাদিকের ওপর হামলা বড় দুঃখজনক। এটি স্বাধীন মত প্রকাশের জন্য অন্তরায়। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এ হামলায় জড়িতদের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।"

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, "ভুক্তভোগীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাজ শারবীন বলেন, "সাংবাদিকের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"