এক ম্যাচে দুইবার শাস্তি পেল ভারত
শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় সিরিজের ‘এ’ দলের ম্যাচে পিচের সংরক্ষিত অংশ বারবার অতিক্রম করার অপরাধে ভারতের বিপক্ষে দুই দফায় ৫ রান করে মোট ১০ রানের শাস্তি দিয়েছেন আম্পায়াররা। সোমবার ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ঘটনা ঘটে।
ভারতের ব্যাটসম্যান বিপরাজ নিগম ম্যাচ চলাকালে দুইবার পিচের সংরক্ষিত অংশ অতিক্রম করেন। এর আগে একই বিষয়ে তাকে সতর্ক করেছিলেন আম্পায়াররা। সতর্কবার্তার পরও একই ভুল পুনরাবৃত্তি করায় ভারতকে দুইবার শাস্তি দেওয়া হয়।
ম্যাচের ৩৪তম ও ৩৭তম ওভারে অন-ফিল্ড আম্পায়ার প্রাগীথ রাম্বুকওয়েলা ও শান্তা ফনসেকা আনুষ্ঠানিকভাবে এই শাস্তি দেন। দ্বিতীয় ঘটনায় নিগম একটি বল শর্ট থার্ড ম্যানের দিকে খেলে রান নিতে বের হয়েছিলেন। তবে নন-স্ট্রাইকার সূর্যাংশ শেঢগে তাকে ফিরিয়ে দিলে দ্রুত ক্রিজে ফেরার সময় তিনি পিচের মাঝখান দিয়ে দৌড়ে পুনরায় নিয়ম ভাঙেন।
এর দুই ওভার আগেও একই ধরনের অপরাধ করেছিলেন নিগম। ধারাভাষ্যকারদের তথ্য অনুযায়ী, ভারতীয় ব্যাটসম্যানদের আগেও সতর্ক করেছিলেন আম্পায়াররা। কিন্তু সতর্কবার্তার পরও একই ভুল হওয়ায় শাস্তি এড়ানো সম্ভব হয়নি। ফলে শ্রীলঙ্কা ‘এ’ দল তাদের স্কোরবোর্ডে অতিরিক্ত ১০ রান যোগ করে লক্ষ্য তাড়ায় নেমেছে।
তবে বিতর্কিত এই ম্যাচে ভারতের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল নিগমের। ১৪৩ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুলতে অষ্টম উইকেটে সূর্যাংশ শেঢগের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন তিনি। ৪৯ বলে ৫১ রান করে রান আউট হন নিগম। আর শেঢগে ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেলায় ভারতীয় ‘এ’ দল ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয়।
টার্গেট তাড়া করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ১৭৫ রান করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ ২২ ওভারে করতে হবে ৯১ রান।



