গোপালগঞ্জে মামলাবাজির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাহাট ফেরিঘাট সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে মামলাবাজ লাবনী বেগমের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ভুক্তভোগীদের বক্তব্য
মানববন্ধনে গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য শিব্বির মোল্লা, ৬নং ওয়ার্ড সদস্য মন্টু শেখ, ভুক্তভোগী রামজান মোল্লা, আবু দাউদ খান, মাহাতাব সরদার, মিসকাত মোল্লা, রশিদা বেগম, আলমগীর মোল্লা, বাবুল মোল্লা বক্তব্য রাখেন।
ভুক্তভোগী আবু দাউদ খান বলেন, "প্রায় ১২ বছর আগে আমার বাবা অভিযুক্ত লাবনী বেগমের মা-বাবাকে আমাদের জমিতে থাকতে দেন। লাবনীর মা-বাবা অসুস্থ হলে সে স্বামী-সন্তান নিয়ে এখানে আসেন। এরপর জমি ছেড়ে দিতে বললে লাবনীর দুই ভাই জমি ছেড়ে দিলেও লাবনী থেকে যায়। এরপর কয়েকবার তাকে জমি ছেড়ে দিতে বললে আমাদের নামে মিথ্যা মামলা করে। এখন আমরা আমাদের জমি তো উদ্ধার করতে পারছিই না উল্টো আমরা মিথ্যা মামলায় হয়রানি হচ্ছি।"
অপর ভুক্তভোগী রামজান মোল্লা বলেন, "এখন এখানে বসবাস করা দায় হয়ে পড়েছে। মামলাবাজ লাবনী বিভিন্ন সময় আমাদের নামে মামলা দেয়। পরে টাকার নিয়ে মামলা তুলে নেয়। আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি।"
ভুক্তভোগী মিসকাত মোল্লা বলেন, "কিছু বললেই গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে লাবনী বেগম। তার স্বামী মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। আমরা এ থেকে রেহাই চাই।"
স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া
গোবরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য শিব্বির মোল্লা বলেন, "বিভিন্ন সময় গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ দিলে সেটি মীমাংসা করে দেই। কিন্তু আবার সেই একই কাজ করে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এ গ্রামের কমপক্ষে ৬০টি পরিবার হয়রানির শিকার হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছি না।"
গোবরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বলেন, "লাবনী বেগম একজন মামলাবাজ নারী। কিছু হলেই মিথ্যা মামলা দিয়ে নিরীহ গ্রামবাসীকে হয়রানি করে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত যেন আইনি ব্যবস্থা গ্রহণ করে।"
গ্রামবাসীর দাবি
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা দাবি জানান:
- লাবনী বেগমের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে।
- জমি উদ্ধার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
- প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
- মামলাবাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করেন যে, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং নিরীহ মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।
