কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বক্তাদের বক্তব্য
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ইতিহাসে এত সংখ্যক সাংবাদিকের নামে মিথ্যা মামলা ও আটকের খারাপ নজির আর নেই। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা।
সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন বলেন, ‘ইউনুস আমলে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, চাকরিচ্যুত করা এবং কারাগারে আটকে রাখা হয়েছে। কারাবন্দী সাংবাদিকদের মুক্তি ও সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ করার দায়িত্ব বর্তমান সরকারের।’
নির্যাতনের চিত্র
মানববন্ধনে সাংবাদিকদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে সংগঠনের সদস্য সচিব শেখ জামাল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের ওপর চাপ, হয়রানি ও সহিংসতার অংশ হিসেবে শত শত সাংবাদিককে আইনি হয়রানি, শারীরিক হামলা, মামলা, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল এবং হাজারেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।’
শেখ জামাল আরও জানান, শাহরিয়ার কবীর, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রুপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীরসহ সারাদেশে ৪৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকজন এখনও কারাগারে।
তিনি জানান, জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের জ্যেষ্ঠ সাংবাদিকসহ সারাদেশে ৪৪৯ জন সাংবাদিকের নামে হত্যা মামলা দেওয়া হয়, যা এখনও বহাল আছে। এছাড়া জাতীয় দৈনিকের সম্পাদক ও টেলিভিশনগুলোর বার্তা প্রধান ও সাংবাদিকসহ সারাদেশে বিভিন্ন গণমাধ্যমের ১২০০ সংবাদদাতাকে চাকরিচ্যুত করা হয়েছে।
নতুন ফ্রন্ট গঠন
শেখ জামাল বলেন, ভবিষ্যতে যেন আর কেউ এমন নির্যাতন নিপীড়ন করতে না পারে সেই লক্ষ্যে বাংলাদেশের সাংবাদিক সমাজ ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’ গড়ে তুলেছে।
দাবিসমূহ
মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো: দেশের সব সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিক হত্যার বিচার, চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফেরত, ডিইউজে ও বিএফইউজে অফিস খুলে দেওয়া, অফিসের টাকাসহ মালামাল লুট ও আগুন দেওয়ার ঘটনার বিচার, জাতীয় প্রেস ক্লাবসহ সারাদেশের প্রেস ক্লাবের সাংবাদিকদের সদস্যপদ ফেরত, সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল আদেশ প্রত্যাহার, সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দের আদেশ প্রত্যাহার এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
অন্যান্য বক্তা
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ জামালের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ইমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোহেলি, নির্বাহী সদস্য সাজেদা হক, একেএম ওবায়দুর রহমান।
উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক রেজাউল কারীম, ডিইউজের নির্বাহী সদস্য রারজানা সুলতানা, রহিমা খানম, রমজান আলী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, শফিউর রহমান, ওয়ারেসুন্নবী খন্দকার, মাজেদুল ইসলাম পাবেল, এস এম কামরুজ্জামান সাগর, শেখ ইমন আহমেদ, নাইমুর রহমান স্বপন, গাজী তুষার আহমেদ, বিউটি রানী, জয়নাল আবেদীন বাপ্পি প্রমুখ।



