রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে ফিল্মি স্টাইলে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের মামলায় লামিন ইসলাম নামে এক তরুণকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
আজ একদিনের রিমান্ড শেষে লামিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই ফরিদুজ্জামান। আসামির পক্ষে তার আইনজীবী শহিদুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেছিলেন।
এর আগে গত ১ মে দেড়টার দিকে গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে লামিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়। সে উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পরে গত ২ মে আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন সোমবার। এদিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়।
মামলার বিবরণ থেকে, গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় পৌঁছালে আসামি লামিন ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক ওই ছাত্রীকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই ঘটনায় ভিকটিমের বাবা উত্তরা পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করেন।



