ঝিনাইদহের মহেশপুরে সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আলামপুর গ্রামে পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে আটক হন তিনি।
আটক ব্যক্তি পরিচয়
আটককৃত বিল্লাল হোসেন আলামপুর ৪নং কলোনির সুরুজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন ওই প্রবাসীর স্ত্রী। একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বিদ্যুৎকেও এই মামলায় আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণ
জানা গেছে, আলামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে তার নগ্ন ভিডিও ও ছবি পাঠিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেন অজ্ঞাত ব্যক্তিরা। চাঁদা দিতে রাজি না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ সময় প্রবাসীর স্ত্রী বিষয়টি পুলিশকে জানালে মহেশপুর থানা পুলিশ ফাঁদ পাতার সিদ্ধান্ত নেয়। ফাঁদের অংশ হিসেবে চাঁদা দিতে রাজি হয়ে আসামিদের নম্বরে লাখ টাকার ভিডিও পাঠানো হয়। সেইসঙ্গে আসামিদের নির্দেশিত স্থানে টাকার ব্যাগ রাখা হয়।
আটকের ঘটনা
শনিবার রাতে ওই স্থানে টাকার ব্যাগ নিতে গেলে সেখানে ওতপেতে থাকা পুলিশ ও এলাকাবাসী বিল্লাল হোসেনকে হাতেনাতে আটক করেন। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ব্ল্যাকমেইলের বিষয়টি জানার পর ফাঁদ পেতে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী মামলা করেছেন। অপর পলাতক আসামি বিদ্যুৎকে আটকের চেষ্টা চলছে।



