শাহবাগে সাংবাদিক-ডাকসু নেতাদের ওপর হামলায় মানবাধিকার সংগঠনের নিন্দা
শাহবাগে সাংবাদিক-ডাকসু নেতাদের ওপর হামলায় নিন্দা

রাজধানীর শাহবাগে সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শাহবাগ থানার ভেতরে ও আশপাশে সংঘটিত হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন গণমাধ্যম, তথ্য জানার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একইভাবে নির্বাচিত ছাত্রনেতাদের ওপর হামলা গণতান্ত্রিক চর্চা ও ক্যাম্পাসে মতভিন্নতার সহনশীল পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

থানা এলাকায় সহিংসতা আইনের শাসনের জন্য অশনিসংকেত

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই শাহবাগ থানা এলাকায় এমন সহিংসতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। থানার মতো নিরাপদ স্থানে গিয়েও নাগরিকরা নিরাপত্তা না পেলে তা আইনের শাসনের জন্য অশনিসংকেত।

নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্তের দাবি জানিয়েছে এইচআরএসএস। পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মতবিরোধের জবাব কখনও সহিংসতা হতে পারে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের হামলা বাড়বে এবং দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ